Ridge Bangla

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সরকারের ওপর কোনো ধরনের বিদেশি চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কারও পক্ষ থেকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য আমাদের কাছে কোনো অনুরোধ বা চাপ আসেনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

নির্বাচন পর্যবেক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, তবে সরকার এমন কাউকে আনতে চায় না, যাদের কারণে অযথা বিতর্ক সৃষ্টি হতে পারে।

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো তৃতীয় দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমাদের কূটনৈতিক অবস্থান স্পষ্ট—আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কারও বিরুদ্ধে নয়।”

জনপ্রিয় ইসলামী বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন বলে একটি বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ঘোষণার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। আমি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি, প্রথমবার আপনার কাছ থেকেই শুনলাম।”

তৌহিদ হোসেন আরও বলেন, সরকার নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বদ্ধপরিকর। বিদেশি বন্ধুরা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করে, সেটিই সরকার চায়।

This post was viewed: 41

আরো পড়ুন