গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের খবর সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মুহিবুল্লাহর অপহরণের পেছনে ইস্কন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে, তিনি নিজেই শ্যামলী পরিবহনের একটি বাসের টিকিট কেটে পঞ্চগড়ে গিয়েছেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, তথ্য-প্রযুক্তির সাহায্যে পুলিশ চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটন করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মুহিবুল্লাহর বাসের সহযাত্রী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে রয়েছে। মুহিবুল্লাহ ইতিমধ্যে পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন। তিনি আজ আদালতে জবানবন্দি দেবেন।
এর আগে গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে বের হয়ে মুহিবুল্লাহ নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশ জানায়, মুহিবুল্লাহর নিখোঁজ হওয়ার পেছনে কোনো বাহ্যিক অপহরণের ছক ছিল না, বরং তিনি নিজে ঘটনাস্থল ত্যাগ করে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।