প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের সঠিক বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করে একটি নতুন বাংলাদেশের পথ দেখাবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে সনদ বাস্তবায়নের সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কমিশন আজ যে কাঠামো তুলে ধরেছে, সেটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ অতীতের বোঝা থেকে মুক্তি পাবে। আমরা চাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে নিজেদের যুক্ত করতে, এই সনদই সেই পথ দেখাবে।”
তিনি আরও বলেন, “জাতির ইতিহাসে আজকের দিনটি একটি বিশেষ অধ্যায়। আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করেছিলাম, তার পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল জুলাই ঘোষণা। আজ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা হলো—এটাই নতুন বাংলাদেশের অধ্যায়ের শুরু।”
অধ্যাপক ইউনূস জানান, কমিশনের প্রস্তাবগুলো বাংলাদেশের গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “কমিশনের সদস্যরা যে নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে এই প্রস্তাবনা প্রস্তুত করেছেন, তা জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাব।