গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। তিনি এ পদে নিযুক্ত হওয়ার আগে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে।
মোহাম্মদ শামীম আক্তার ২০২০ সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। সূত্রের তথ্য অনুযায়ী, শামীম আক্তারের চাকরির মেয়াদ আসন্ন ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র দুই মাস আগে তাকে রিজার্ভে পাঠানো হয়েছে।
অভিযোগ আছে, প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্বকালীন শামীম আক্তারের নামে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে উন্নয়ন ও মেরামত কাজে অনিয়ম প্রমাণিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি প্রকৌশলীদের ব্যাপারে তিনি কোনো ভূমিকা নেননি। এর ফলে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছে।