জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে চূড়ান্ত সুপারিশ আজ (মঙ্গলবার) প্রদান করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে।
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের সকল আলোচনা, নথি, ভিডিও ও ছবি সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে কীভাবে জাতি ঐক্যমতের পথে অগ্রসর হয়েছিল। তিনি একে ইতিহাসের চিরজীবন্ত দলিল হিসেবে উল্লেখ করেন।
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিন খাতে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জুলাই সনদের সুপারিশ তৈরি করা হয়েছে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই এ প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
বদিউল আলম মজুমদার বলেন, গণঅভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা না যেতে দিতে হলে সরকারের সাহসিকতা ও দায়বদ্ধতা দরকার। বিচারপতি এমদাদুল হক ও সফর রাজ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজনৈতিক সৌহার্দ্য বজায় থাকবে।
কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ অক্টোবর। তবে সদস্যরা জানিয়েছেন, সরকারের প্রয়োজন হলে তারা নাগরিক হিসেবে সহযোগিতা অব্যাহত রাখবেন।