হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল। রোববার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেন তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ দল তদন্ত কার্যক্রমে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
উপদেষ্টা শেখ বশির উদ্দীন তুর্কি দলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং তদন্তের গতি বাড়াবে।”
তুরস্কের ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুনের নেতৃত্বে এই দলটি কাজ করবে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।