Ridge Bangla

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর, যিনি ফুটপাত দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেট্রোরেলের পিলার থেকে প্রায় ৪০-৫০ কেজি ওজনের বিয়ারিং স্প্রিংটি ছিটকে তার মাথায় আঘাত হানে। গুরুতর আঘাতের কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার কারণে পাশের একটি চপ-সিঙ্গারা দোকানেও আঘাত লাগে। দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে এবং দুর্ঘটনাস্থল নিরাপদ করতে কাজ শুরু করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত যন্ত্রাংশের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার জন্য বিশেষ টেকনিক্যাল টিমকে ডাকা হয়েছে।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা বলেন, যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতো, তাহলে এই দুর্ঘটনা রোধ করা যেত।

মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা নিশ্চিত করা অবধি চলাচল বন্ধ রাখা হবে।

This post was viewed: 115

আরো পড়ুন