Ridge Bangla

৯৯৯-এ ফোন করে সুপ্তধারা ঝরনা থেকে উদ্ধার হলো ৪ শিক্ষার্থী

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের সুপ্তধারা ঝরনায় আটকে পড়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে তারা সেখানে আটকা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়।

রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকা থেকে তার ছোট ভাই সাকিব (২২) ও তার ৩ বন্ধু সীতাকুণ্ড ইকোপার্কে বেড়াতে গিয়েছিলেন।

সুপ্তধারা ঝরনা থেকে ফেরার সময় অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে পথ হারিয়ে ৪ জনই সেখানে আটকা পড়েন। তারা সবাই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আনোয়ার সাত্তার আরও জানান, খবর পাওয়ার পর ৯৯৯ থেকে দ্রুত সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার এএসআই শরিফুল ইসলাম। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন ৯৯৯-এর ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হোসেন।

এরপর প্রবল বৃষ্টির মধ্যেই উদ্ধার অভিযানে নামে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় ৩ কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ হেঁটে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান।

পরে রাত ৮টা ১০ মিনিটে সুপ্তধারা ঝরনায় আটকে থাকা ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

উদ্ধার অভিযানের বিষয়টি ৯৯৯-কে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা।

This post was viewed: 3

আরো পড়ুন