Ridge Bangla

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে: তথ্যমন্ত্রী

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে সম্প্রচারস্বত্ব কেনা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। তার দাবি, ফিফাকে নির্ধারিত অর্থ পরিশোধের পরও অতিরিক্ত অর্থ লেনদেনের মাধ্যমে এই অনিয়ম সংঘটিত হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বিশ্বকাপ সম্প্রচারে সরকারি অর্থ ব্যয় না করার নীতি অনুসরণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয় এবং দেশের চারটি গণমাধ্যমের মাধ্যমে খেলা সম্প্রচার করা হয়েছে।

জহির উদ্দিন স্বপনের দাবি, এবারের বিশ্বকাপ সম্প্রচার শেষে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ে পূরণ হবে। ফলে সরকারি তহবিল থেকে প্রায় কোনো অর্থ ব্যয় করতে হয়নি।

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারসংক্রান্ত অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিটিভির মাধ্যমে সংঘটিত বলে অভিযোগ ওঠা ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সেটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

This post was viewed: 3

আরো পড়ুন