Ridge Bangla

হরমুজের সংকট পেরিয়ে দেশে ফিরছেন এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় ৪ মাসের সংকটময় পরিস্থিতি কাটিয়ে দায়িত্ব হস্তান্তর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তারা ২১ জুলাই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সূত্রে জানা গেছে, অব্যাহতি নেওয়া ১৭ জন নাবিকের মধ্যে ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামসহ ১৬ জন দেশে ফিরছেন। তবে চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যাবেন।

বর্তমানে ডারবান বন্দরে জাহাজে থাকা সৌদি আরব থেকে আনা সার খালাস করা হচ্ছে। পণ্য খালাসের পর সেখানে চিনি বোঝাই করা হবে। এরপর জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে।

ডারবান বন্দর থেকে মোবাইল ফোনে চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, যুদ্ধকালীন চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যেও তারা সফলভাবে জাহাজটি দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। সার খালাস শেষে চিনি বোঝাই করে জাহাজটি মালয়েশিয়ার পথে রওনা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থা এবং মানসিক চাপের কারণে প্রথম ধাপে ১৭ জন নাবিক দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তাদের স্থলে ১৫ জন নতুন নাবিক জাহাজের দায়িত্ব গ্রহণ করছেন।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের কারণে গত ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা পারস্য উপসাগরে আটকা পড়ে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যেও জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক জাহাজ ও নিজেদের নিরাপদ রাখতে সক্ষম হন। দীর্ঘ কূটনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টার পর গত ২২ জুন হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায় জাহাজটি।

এরপর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর অতিক্রম করে গত ১৬ জুলাই জাহাজটি নিরাপদে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির মতো ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনকারী নাবিকদের নিরাপত্তা ও মানসিক সুস্থতাই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। তারা পেশাদারিত্ব, ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চুক্তি অনুযায়ী দায়িত্ব শেষ করে তারা দেশে ফিরছেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২১ জুলাই ক্যাপ্টেনসহ ১৬ জন নাবিক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 1

আরো পড়ুন