পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ১০ দিনব্যাপী এ কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
টিসিবি জানিয়েছে, ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) দেশের বিভিন্ন এলাকায় মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে নির্ধারিত দামে এসব পণ্য সরবরাহ করা হবে।
সংস্থাটি জানিয়েছে, ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো সাধারণ ভোক্তা এ কার্যক্রমের আওতায় পণ্য কিনতে পারবেন।
টিসিবির নির্ধারিত দামে প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য বিভাগীয় শহরে ১৫টি এবং বাকি জেলাগুলোতে ১০টি করে ট্রাক পরিচালিত হবে বলে জানিয়েছে টিসিবি।