Ridge Bangla

শাপলা প্রতীক না পেলে আন্দোলনে নামবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক না পায়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে রাজপথে নামবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৬ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। সারজিস আলম বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছে। অভ্যুত্থান-পরবর্তী এই কমিশনের কাছে আমরা এমন আচরণ প্রত্যাশা করি না।

তিনি আরও বলেন, “যদি কমিশন নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়, তাহলে তাদের ওপর আস্থা রাখা কঠিন হবে। প্রয়োজনে এনসিপি শাপলা প্রতীক পুনরুদ্ধারের দাবিতে এবং এই স্বেচ্ছাচারী কমিশন পুনর্গঠনের আন্দোলনে রাজপথে নামবে।”

বিএনপি ও জামায়াতের নেতৃত্ব প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে কেবল বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারিক সংস্কারের ক্ষেত্রে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য, আর এনসিপিই সেই প্রতিনিধিত্বের শক্তি।”

তিনি আরও বলেন, “জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেবল কয়েকটি আসনের জন্য এনসিপি কোনো জোটে যাবে না। যদি জোট হয়ও, তা জনগণের প্রত্যাশার ভিত্তিতেই হবে, এবং এনসিপি নিজস্ব নাম ও শাপলা প্রতীকে নির্বাচন করবে।”

তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, নিজেদের নিরপেক্ষতা এখনই কাজ ও সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে, নইলে জনগণের আস্থা হারাবে ইসি।

This post was viewed: 30

আরো পড়ুন