শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি মসজিদের বারান্দা ঘরসহ কয়েকটি বসতঘর তল্লাশি করে মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়।
অভিযানে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামে তিনজনকে আটক করা হয়েছে। ককটেলের পাশাপাশি টেঁটা, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, নড়িয়া এলাকায় এর আগেও একাধিকবার ককটেল উদ্ধার হয়েছে। গত বছরের আগস্টে ৬০টি ককটেল জব্দ করা হয়। চলতি বছরের ৮ জানুয়ারি একই উপজেলায় ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথবাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।