নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিকের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা। অপর আটক ব্যক্তি রাসেলকে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক রয়েছে পুলিশ।
ঘটনাটি সামনে আসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর ও তার কতিপয় সঙ্গী-সাথী মিলে দুই বিদেশি পর্যটককে অশোভন আচরণের মাধ্যমে হেনস্থা করছেন।
ভিডিওটিতে বিদেশিদের উদ্দেশ্যে করা মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম হয়। এরপরই পুলিশ তদন্তে নামে।