Ridge Bangla

রাতের মধ্যে ১২টি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

বৈশাখের শেষ সময়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৬ মে) রাতের মধ্যে দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ৩৬ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ২৪ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৬ মিলিমিটার এবং খেপুপাড়ায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতেও সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও এখনো তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। তবে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন