Ridge Bangla

মেহেরপুর সীমান্তে সড়ক নির্মাণ ঘিরে উত্তেজনা, বিএসএফের বাধার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে জেলা পরিষদের অর্থায়নে একটি হেয়ারিং বন্ড সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের প্রতিবাদ এবং বিজিবির উপস্থিতির পর বিএসএফ সদস্যরা নিজ নিজ সীমান্তে ফিরে যান।

রোববার দুপুরে উপজেলার কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭-এস–সংলগ্ন এলাকায় বিজিবি ক্যাম্প থেকে ‘আট কবর’ পর্যন্ত হেয়ারিং বন্ড সড়ক নির্মাণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভারতের নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের ৩ সদস্য এসে নির্মাণকাজে আপত্তি জানান।

কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম বলেন, বিজিবি ক্যাম্প থেকে ‘আট কবর’ পর্যন্ত মাটির সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এতে কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। এ কারণে জেলা পরিষদের অর্থায়নে সড়কটি হেয়ারিং বন্ড করা হচ্ছে। নির্মাণকাজ চলার সময় বিএসএফ সদস্যরা এসে এতে বাধা দেন।

কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, সীমান্তবর্তী এলাকায় হওয়ায় অতীতেও এ সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হলে বিএসএফ আপত্তি জানিয়েছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে ‘আট কবর’ এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ।

তবে কাজীপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, রাস্তার কাজে বিএসএফ বাধা দিয়েছে- এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

এদিকে কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত প্রয়োজন। বিষয়টি সমাধানে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সড়ক নির্মাণে বিএসএফ বাধা দিয়েছে- এ তথ্য সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।

This post was viewed: 1

আরো পড়ুন