ফেনীর দাগনভূঞা উপজেলা এলাকায় পারিবারিক বিষয় নিয়ে তর্কের জেরে মাদকাসক্ত ছেলের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছেলের হামলায় প্রাণ হারান লাকি আক্তার (৪০)। আহতদের মধ্যে রয়েছেন তার স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে সাহারা আক্তার মিথিলা (১৮)। তাদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, অভিযুক্ত রাফি (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন রাতে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাফিকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।