ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক মামলার পলাতক আসামি শহিদুল ইসলাম পালিয়ে যান।
শনিবার রাত পৌনে ৯টার দিকে মহেশপুর থানার ফতেপুর ইউনিয়নের কদমতলা গ্রামের ফতেপুর বাওড়সংলগ্ন একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহেশপুর থানার কদমতলা মাঠপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে মো. রাসেল হোসেন (৩০), বৈচিতলা গ্রামের মৃত স্বপন হালদারের ছেলে চঞ্চল হালদার (২৭) এবং যশোরের চৌগাছা থানার চাঁনপাড়া গ্রামের মৃত মোশারেফ মণ্ডলের ছেলে মো. আক্তারুল (২১)।
পুলিশ জানায়, এ ঘটনায় অর্থদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত মহেশপুরের যুগিহুদা গ্রামের মো. মজনু মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম (৩৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে মহেশপুর থানার উপপরিদর্শক মো. শামসুল করিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা গ্রামের কাদের মিয়ার বাড়ির সামনে একটি কাঁচা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে রাসেল হোসেনের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক শহিদুল ইসলামের বিরুদ্ধে মহেশপুর থানায় সরকারি কাজে বাধা, মারধর, মাদক আইন ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।