Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় তিন গ্রামের সংঘর্ষ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি, বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি এবং পাশের নিমবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে একটি সড়কে পড়ে থাকা গাছ সরানো নিয়ে দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের অবসান হয়নি।

এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে শ্যামবাড়ি ও হাতুড়াবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের বাসিন্দারাও এতে যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন