দীর্ঘদিন পর নিজ জেলা বগুড়ায় সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। তার আগমনে পুরো শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি।
প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর সার্কিট হাউসে পৌঁছালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানে তার বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। দীর্ঘ যাত্রাপথ শেষে সকালেই তিনি নিজ জেলার প্রশাসনিক কেন্দ্র সার্কিট হাউসে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।