বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচনে বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) একদিনের সফরে তিনি সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন। তার এ সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, সকালে বগুড়া সার্কিট হাউজে স্বল্প বিরতির পর প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে যাবেন। সেখানে তিনি আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবনের উদ্বোধন করবেন। এরপর আদালতের সম্মেলন কক্ষে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা ‘ই-বেইল বন্ড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বগুড়া থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত হবে।
বর্তমান প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল ও কারামুক্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, ভোগান্তি এবং জালিয়াতির অভিযোগ রয়েছে। নতুন ডিজিটাল পদ্ধতি চালু হলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ই-বেইল বন্ড চালুর ফলে বন্দিদের স্বজনদের দুর্ভোগ কমবে এবং জামিন জালিয়াতি রোধ করা সহজ হবে।