প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণ করে নতুন অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে।
রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় অসংখ্য পুলিশ সদস্য শহীদ হন। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে আছে।
তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে পুলিশ বাহিনীকে। দেশের জনগণ বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে, আর সেই দায়িত্ব পালনে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তারেক রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। দেশের ভেতরেও একইভাবে জনগণের সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।