Ridge Bangla

পান কিনতে পাঠিয়ে কিশোরের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালাল যাত্রী

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পান কিনতে পাঠিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর ভ্যানচালকের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে বিপাকে পড়েছে কিশোর রাজ ও তার পরিবার।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। হৃদরোগে আক্রান্ত বাবার সংসারের দায়িত্ব নিতে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে ব্যাটারিচালিত ভ্যান চালানো শুরু করে সে।

রাজের ভাষ্য, দুপুরের দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ভ্যান ভাড়া করেন। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে ওই ব্যক্তি তাকে পাশের একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ ফিরে এসে দেখেন, যাত্রী ও তার ভ্যান- কোনোটিই সেখানে নেই।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন তারা।

রাজের বাবা বাহাদুর বলেন, হৃদরোগের কারণে তিনি কাজ করতে পারেন না। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাদের সংসার চলে রাজের ভ্যান চালানোর আয়ে। স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ভ্যানটি কেনা হয়েছিল এবং প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধ করতে হয়। ভ্যান হারিয়ে এখন সংসার চালানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভ্যানটি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

This post was viewed: 7

আরো পড়ুন