রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পিরোজপুর জেলার সড়ক উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে দীর্ঘদিন অবহেলিত ও বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পিরোজপুরবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করতে হবে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এবং স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।