জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৮ জুন মামলার সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার নেতাকর্মী এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুর এলাকায় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।