Ridge Bangla

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, দুইজন নিহত

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর ও নাজমুল একটি প্রাইভেটকারে করে হিলির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় দ্রুতগতির গাড়িটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 1

আরো পড়ুন