Skip to main content

Ridge Bangla

দুই দশক পর বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর, উৎসবমুখর প্রস্তুতি

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ পৈতৃক ভিটা পরিদর্শনে আজ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, চলছে সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ।

সরেজমিনে দেখা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ পথগুলো সংস্কার করা হয়েছে। বনানী এলাকা থেকে সাতমাথা পর্যন্ত সড়কে রং করা হয়েছে গাছ ও বিভাজক। একইসঙ্গে গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর বাড়িও নতুন রূপে সজ্জিত করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এ সফর নিয়ে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। অনেকে আশা করছেন, প্রধানমন্ত্রীর আগমন বগুড়ার উন্নয়নে নতুন গতি আনবে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় কঠোর নজরদারি রাখা হয়েছে; সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে।

সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকায় থেকে সড়কপথে রওনা দিয়ে বেলা সাড়ে ১০টায় বগুড়া পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, টিকাদান কর্মসূচি উদ্বোধনসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 14

আরো পড়ুন