জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে গত ৭ মে আদেশের দিন ধার্য থাকলেও পরে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। এছাড়া পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
গত ২৬ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় মোহাম্মদপুরে ৯ জন নিহত হন। প্রসিকিউশনের দাবি, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।