জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব জানানো হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করায় লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানির পাশাপাশি যন্ত্রাংশ, যেমন ইঞ্জিন, প্রপেলার, প্লেট, গ্যাস, রং ও অন্যান্য সরঞ্জামের দামও বৃদ্ধি পেয়েছে। এতে সার্বিক পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হয়।
প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা ৩৮ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার আহ্বান জানানো হয়েছে।