Ridge Bangla

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সোমবার (২০ এপ্রিল) জানা যেতে পারে। এ বিষয়ে রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

বিআরটিএ সূত্রে জানা গেছে, রাত ৮টা থেকে শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এতে সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা অংশ নেন।

তবে বৈঠকে ভাড়া কত বাড়ানো হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজই এ বিষয়ে একটি প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিআরটিএর নীতিমালা অনুযায়ী, জ্বালানি তেলের দামে পরিবর্তন হলে সাধারণত ভাড়ায় সমন্বয় করা হয়। আলোচনায় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির বিষয়টি উঠে আসে।

তবে পরিবহন মালিকরা দাবি করেছেন, ২০২২ সালের পর থেকে পরিচালন ব্যয়ের পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন হয়নি। ডলারের দাম বৃদ্ধি, যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া পুনর্নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির বিরোধিতা করে অতীতের মূল্যহ্রাস অনুযায়ী সমন্বয়ের দাবি জানিয়েছে। সংগঠনটি বলছে, অতিরিক্ত ভাড়া জনদুর্ভোগ বাড়াবে এবং বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

This post was viewed: 6

আরো পড়ুন