‘জুলাইয়ের চেতনা’কে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কেবল রাজনৈতিক স্লোগান দিয়ে দীর্ঘদিন রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। জনগণের সামনে নতুন রাজনীতির সুস্পষ্ট রূপরেখা তুলে ধরতে হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতাসীন বিএনপি জোটের শরিক গণ অধিকার পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একক সম্পদ নয়। আন্দোলনের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে এর মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, যারা জুলাইয়ের চেতনার ভিত্তিতে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন, তাদের উচিত নিজেদের রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বন্দোবস্ত’, ‘দায় ও দরদের রাজনীতি’- এ ধরনের পরিভাষা ব্যবহার করলেই হবে না। এসব ধারণার বাস্তব অর্থ কী, রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র, নির্বাচন, জবাবদিহি ও নাগরিক অধিকারের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা হবে, তা জনগণকে জানাতে হবে।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা সাতচল্লিশের চেতনার কথা বলে, তাদের কাছে গেলে তো অসুবিধা। আমি সংসদে বলেছিলাম, আপনারা তো সাতচল্লিশেও পাকিস্তানের পক্ষে ছিলেন না। একাত্তরে তো ছিলেনই না। এখন দয়া করে চব্বিশে থাকেন। তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে এ দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অন্যরা।