Ridge Bangla

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক

গোপালগঞ্জের কাশিয়ানীতে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন দুই ফুটবলপ্রেমী। এ উপলক্ষে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নিজেদের নতুন সমর্থনের কথা প্রকাশ করেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দল পরিবর্তনের ঘোষণা দেওয়া দুই যুবক হলেন রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী ও ওহিদুল শেখ।

স্থানীয়দের ভাষ্য, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলেন। তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তারা আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।

শনিবার সকালে তারা টুকু বাজারে ১০ লিটার খাঁটি দুধ এনে সবার সামনে গোসল করেন। তাদের ভাষ্য, এর মাধ্যমে ব্রাজিলের সমর্থক হিসেবে অতীতকে পেছনে ফেলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রার প্রতীকী ঘোষণা দিয়েছেন তারা।

হাসিব মুন্সী বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এককথায় অবিশ্বাস্য। মেসির এ ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে আমরা দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।’

ওহিদুল শেখ বলেন, ‘ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের খেপাবে জানি। কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এ দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।’

এ ঘটনা ছড়িয়ে পড়ার পর টুকু বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। উপস্থিত অনেকেই পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি হাস্যরসও।

This post was viewed: 6

আরো পড়ুন