Ridge Bangla

আহমেদাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই বাতিল করা হলেও পরে একটি স্থানীয় খামারে অবৈধভাবে কারখানাটি পরিচালনা করা হচ্ছিল।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর ফায়ার সার্ভিস ও দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আহমেদাবাদের আতশবাজি কারখানার দুর্ঘটনায় প্রাণহানির খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। এছাড়া আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

This post was viewed: 3

আরো পড়ুন