যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসতে পারেন। সফরটি হলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সার্জিও গরের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে আগামী সপ্তাহের শেষ দিকে তার বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে রয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণসংক্রান্ত কার্যক্রম শেষে তিনি ২৩ জুলাই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর করবেন। সেখানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর সরকারি সফরে মালদ্বীপে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। ২৯ জুলাই বা এর কাছাকাছি সময়ে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
ওই সময়সূচির ভিত্তিতে সার্জিও গরের ঢাকা সফরের তারিখ নির্ধারণ হতে পারে। সে ক্ষেত্রে তিনি ২৯ বা ৩০ জুলাই বাংলাদেশ সফরে আসতে পারেন।
সার্জিও গর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন।