Ridge Bangla

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসের মধ্যেই ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং দ্বৈত মুদ্রাভিত্তিক কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই এ কার্ড চালুর মূল উদ্দেশ্য।

শাহাদাৎ স্বাধীন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড।

তিনি জানান, এই কার্ডধারীরা দেশে ও বিদেশে বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ অভিবাসন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে অভ্যর্থনা সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে মূল্যছাড়, দেশে ও বিদেশে নির্ধারিত মূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দরে যাতায়াত সেবা।

এ ছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে মূল্যছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সেবা, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কার্ডের মাধ্যমে রেমিট্যান্স পুরস্কার পয়েন্ট, ঋণ সুবিধা, ঋণ সক্ষমতা মূল্যায়ন, সরাসরি অর্থ পাঠানোসহ সহজ লেনদেনের সুযোগ থাকবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং ব্যাংক ও সরকারের অন্যান্য সেবাতেও অগ্রাধিকার দেওয়া হবে।

উপ-প্রেস সচিব জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড বিতরণ করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ড-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে প্রবাসী কার্ডের আওতায় আনার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 5

আরো পড়ুন