Ridge Bangla

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৪ মে) রাত ১০টায় হল পাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। মিছিলে শিক্ষার্থীরা “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “হাসনাত ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে”, “আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে”, “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”—এই ধরনের প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, “এই হামলা শুধু হাসনাত ভাইয়ের ওপর নয়, এটি মূলত জুলাই অভ্যুত্থানের আদর্শের ওপর হামলা। দীর্ঘ ৯ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার এখনও ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন’ ঘোষণা করতে পারেনি।”

তিনি সরকারের উদ্দেশে আরও বলেন, “আপনারা কীসের ভয় পান? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না কেন? যদি দ্রুত নিষিদ্ধ না করেন, তাহলে ছাত্রজনতা আবারও আন্দোলনে নামবে।”

আরবি বিভাগের শিক্ষার্থী রিদওয়ান আহমেদ রিফাত বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ—এসব কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী। আমরা বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই চাই না। এদের স্থান হবে ফাঁসির দড়িতে।”

সমাবেশটি উদ্দীপ্ত স্লোগান, প্রতিবাদী ভাষণ ও সাহসী প্রত্যয় দিয়ে শেষ হয়।

This post was viewed: 35

আরো পড়ুন