ইরানের মাশহাদ শহরের একটি মোটরসাইকেল ও টায়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আকাশে উঠে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি।
রোববার (৪ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো এলাকা জুড়ে আকাশে ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে।
জেরুজালেম পোস্ট আরও জানায়, তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কারাজে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সেটি এই বিস্ফোরণের ফল ছিল কিনা, তা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, এর আগে ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান।