কক্সবাজারে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। পরে রোববার (১৯ জুলাই) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হোসেন আলী (৪৫) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল গ্রামের বাসিন্দা সামশুল আলমের ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালানো হলে নাম্বারবিহীন গাড়িটির গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালককে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ইয়াবার এই চালান কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে হোসেন আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।