পেশাদার ফুটবলকে বিদায় জানানোর দুই বছরের মাথায় এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। এর মাধ্যমে শুরু হলো তার কোচিং ক্যারিয়ারের প্রথম মিশন।
২০২৪ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ইনিয়েস্তা আরব আমিরাতেরই এমিরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন। এবার সেই দেশেই ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাব গালফ ইউনাইটেডের হাল ধরলেন তিনি, যারা সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে লিগ টেবিলে দশম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।
নতুন দায়িত্ব নিয়ে স্প্যানিশ তারকা জানান, কোচিং ক্যারিয়ার শুরুর জন্য এই ক্লাবটিই তার কাছে সবচেয়ে উপযুক্ত জায়গা মনে হয়েছে।
ইনিয়েস্তা আরও বলেন, ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, এখন আমি কোচিংয়ের মাধ্যমে ফুটবলকে কিছু ফিরিয়ে দিতে চাই। প্রতিদিন এমন কিছু তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই, যারা নিজেদের উন্নতি করতে চায় এবং বড় স্বপ্ন দেখে।