দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৩১ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১১৫ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ১৭০ শিশুর মধ্যে উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৯৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৩৭০ জন ঢাকা বিভাগের।
এদিকে, একই সময়ে চিকিৎসা শেষে ৮৯৩ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সুস্থ হয়ে ফিরেছে ৩৬৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত দেড় মাসে মোট ৩৮ হাজার ৩০১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৬ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫ হাজার ১৪৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।