তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির কবলে পড়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ সুদান। বৈশ্বিক সংঘাত ও চলমান অবরোধের প্রভাবে দেশটির প্রায় ৫৬ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটের সম্ভাবনায় রয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রায় ৮০ লাখ মানুষ বর্তমানে এই সংকটের মুখোমুখি।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে শিশুদের ক্ষেত্রে। নতুন করে আরও এক লাখের বেশি শিশু তীব্র পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে, যার ফলে মোট ভুক্তভোগী শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখে। জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এর মধ্যে প্রায় সাত লাখ শিশু এখন সরাসরি মৃত্যুঝুঁকির মধ্যে রয়েছে।
২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই নানামুখী বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। গৃহযুদ্ধ এবং প্রতিবেশী সুদানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতির অবনতি ঘটাতে মূল ভূমিকা পালন করছে। এই সংকট নিরসনে দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইউনিসেফসহ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো।