কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রি করার দায়ে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। এ অভিযানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় রিসা বীজ ভান্ডার থেকে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৬২৬টি কীটনাশক পণ্য উদ্ধার করা হয়। পরে এসব কীটনাশক পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৭৪টি পণ্য বাজারে সরবরাহ করা হলেও মাত্র ৮টি পণ্য সরকারি অনুমোদন পেয়েছে। অভিযানে ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি এসব পণ্য রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। কৃষি কর্মকর্তার মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।