Ridge Bangla

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া চাইলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়াকোবাদ)।

রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

ইফতারের আগে দোয়া অধিক কবুল হয়- এ কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন। দেশের চলমান নানা সমস্যার সমাধান এবং জাতির কল্যাণের জন্যও তিনি বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে রোজাদারদের প্রতি অনুরোধ জানান তিনি।

ধর্মমন্ত্রী এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও নিরাপত্তার জন্যও তিনি দোয়া করার আহ্বান জানান।

পরে ধর্মমন্ত্রী দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রায় ১০ হাজার রোজাদার অংশগ্রহণ করেন।

This post was viewed: 4

আরো পড়ুন