Ridge Bangla

উপদেষ্টা পরিষদের বৈঠকে গায়ানা মিশন স্থাপনসহ ছয় অধ্যাদেশ অনুমোদন

অন্তর্বর্তী সরকার ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের এই মিশন স্থাপনের প্রস্তাব গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গায়ানায় নতুন মিশনের জন্য প্রয়োজনীয় জনবল বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো থেকেই নিয়োগ দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গায়ানা বর্তমানে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধিসম্পন্ন দেশগুলোর একটি। গত বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ৫০ শতাংশ। পাশাপাশি দেশটিতে শ্রমবাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি প্রবেশ সহজ করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও শ্রম সহযোগিতা জোরদার করতেই নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে অনুমোদিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ প্রাণী ও প্রাণিজাত পণ্য সঙ্গনিরোধ অধ্যাদেশ-২০২৬, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬। এছাড়া আমদানি নীতি আদেশ ২০২৫–২০২৮-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে প্রতি বছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদযাপনের একটি প্রস্তাব অনুমোদন পায়।

This post was viewed: 16

আরো পড়ুন