Ridge Bangla

যৌথবাহিনীর অভিযানে সারাদেশে ৫০৪ জন আটক

দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য।

শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময়কালে রাজধানীসহ দেশের নানা স্থানে এসব অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম চালায়।

আইএসপিআর জানায়, অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, মাদক কারবারি ও মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং চোরাচালান সংশ্লিষ্টদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৮টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

This post was viewed: 10

আরো পড়ুন