বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের কোনো একটি অঞ্চলকে আলাদা করে সুবিধা দেওয়ার নীতি গ্রহণ করা হবে না। শুধু বগুড়া নয়, সমগ্র দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা চিন্তা করেই রাষ্ট্র পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে তিনি জনতার সামনে বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “আমি নিজ এলাকায় এসে আবেগাপ্লুত হয়ে পড়েছি। এত রাতে রাজনীতি করতে পারতাম না, যদি আমার স্ত্রী সহযোগিতা না করতেন।” তিনি বগুড়াবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, জনগণ যেন তাকে নিয়ে গর্ব করতে পারে, সেই চেষ্টা তিনি করবেন।
তিনি স্মরণ করেন, প্রায় ১৯ বছর আগে বগুড়ায় এসে সদরসহ জেলার উন্নয়নে যেসব কাজের প্রয়োজন ছিল, তা সীমিত পরিসরে বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। বনানী-মাটিডালি সড়ক প্রশস্তকরণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং গ্যাস সংযোগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করলে চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বগুড়া তার ন্যায্য অধিকার পাবে, তবে অন্য অঞ্চলের অধিকার ক্ষুণ্ন করে নয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে বগুড়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।