দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে আরও ৬ জনের।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন রয়েছেন। এছাড়া বরিশালে ১৪১ জন, চট্টগ্রামে ১১১ জন, খুলনায় ৬২ জন, রাজশাহীতে ৭৮ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারাদেশে ৯৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে মোট ৬৩ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৬ হাজার ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৬৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের এই সময়টি ডেঙ্গু বিস্তারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন।