আগামীকাল শনিবার (৭ জুন) দেশব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের আয়োজন করা হয়েছে। ভিআইপিদের জন্য রয়েছে পৃথক ব্লক, যেখানে ২৫০ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
মুসল্লিদের জন্য অজুখানা, সুপেয় পানি, শৌচাগার, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। নারী মুসল্লিদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান ও প্রবেশপথ।
নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। ঈদগাহ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম।
শুক্রবার সকালে ঈদগাহ পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শান্তিপূর্ণভাবে জামাত অনুষ্ঠিত হবে এবং মুসল্লিদের জায়নামাজ আনতে হবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ঈদগাহসহ ঢাকার সব জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, বৃষ্টির আশঙ্কা থাকায় বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।