Ridge Bangla

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪ জন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম উদ্দিন এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপু রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই একাধিক টিম অভিযান চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে। রবিবার রাতে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাস এলাকায় মোটরসাইকেলযোগে আসা ১০-১২ জন দুর্বৃত্ত হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। তারা গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুড়ে, কাচ ভাঙচুর করে এবং হামলা চালায়। এতে হাসনাত আবদুল্লাহ ও তাঁর সঙ্গে থাকা আরও দুইজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বশির আহমেদ অপু জানান, এই হামলা ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত। এনসিপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ছাত্রলীগ ও যুবলীগ এই হামলায় জড়িত। যদি রাষ্ট্র হামলাকারীদের আড়াল করে, তাহলে এর জবাব রাজপথে দেওয়া হবে।”

সোমবার (৫ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানান, ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

This post was viewed: 47

আরো পড়ুন