Ridge Bangla

স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনকারী মাদকাসক্ত স্বামী গ্রেফতার

ফরিদপুরে মাদক সেবন ও ব্যবসায়ের কাজে প্রতিবাদ করায় স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিকভাবে নির্যাতন করা সেই সাহিদ শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২ মার্চ) রাতে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করে হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের আকুব্বর শেখের ছেলে সাহিদ শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত। মাদক সংক্রান্ত অপরাধের দায়ে একাধিকবার তিনি কারাভোগ করেছেন। তার ছেলে আশিক শেখ এবার এসএসসি পরীক্ষার্থী। বাবার এই অন্ধকার পেশার কারণে নানা সময়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতো আশিক। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশিক ও তার মা জাহানারা বেগম মাদক ছাড়ার জন্য সাহিদকে চাপ প্রয়োগ করলে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে হিংস্র হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষিপ্ত হয়ে সাহিদ তার স্ত্রী ও সন্তানকে ঘরে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘক্ষণ মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে তিনি ছেলের পড়াশোনা বন্ধের উদ্দেশ্যে বই-খাতায় আগুন ধরিয়ে দেন। এমনকি তাদের ছোট সন্তানকে জিম্মি করে মা ও বড় ছেলেকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

তখন নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মা ও ছেলে। কান্নায় ভেঙে পড়ে জাহানারা বেগম গণমাধ্যমকে জানান, সাহিদ কোনোভাবেই মাদক ছাড়তে রাজি নন। উল্টো নেশার প্রতিবাদ করলে তাদের ওপর নিয়মিত নেমে আসে অমানুষিক নির্যাতন।

সেসময় মাঝারদিয়া গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার একটি ভিডিও গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগী আশিক সালথা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা রুজু হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন